হারু অর রশিদ বাবু-বিষেশ প্রতিনিধিঃ
রসিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন তোতা, আসছে আগামী ২৭শে ডিসেম্বর ২২ইং রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম তোতা। তিনি ২০১২ সালে রংপুর সিটির প্রথম নির্বাচনেও কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন।
নির্বাচন অফিস রংপুর সূত্রে জানা গেছে, সিটির ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। একজন হলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা অপরজন সদ্য সাবেক কাউন্সিলর মালেক নিয়াজ আরজু। গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এক আবেদনের পরিপ্রেক্ষিতে আরজুর মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৭ ডিসেম্বর বাতিলকৃত প্রার্থীদের আপিল শুনানিতেও তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
গত ৯ ডিসেম্বর শুক্রবার প্রতীক বরাদ্দের পরে ৩০ নম্বর ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় একমাত্র বৈধ প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফলে ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আর কোনো নির্বাচন হবে না। তবে সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং মেয়র প্রার্থীর ভোট যথা নিয়মেই হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা বলেন, আমি এর আগেও কাউন্সিলর ছিলাম। আসছে আগামী ২৭ ডিসেম্বর ২০২২ইং রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলাম। একজনের মনোনয়ন বাতিল হওয়ায় আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত করে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন। ইনশাআল্লাহ আমি ৩০নং ওয়ার্ডের জনসাধারণের প্রত্যাশা পুরনে নিরলসভাবে কাজ করে যাবো।
রিটার্নি কর্মকর্তা আবদুল বাতেন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২১ অনুযায়ী, যেহেতু রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডে বৈধ প্রার্থী একজন, সেহেতু ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
Leave a Reply